ইউরোপের সবচেয়ে দামী ক্লাবের স্থানটি নিজ দখলেই রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। দুই দশমিক নয় দুই বিলিয়ন পাউন্ড ক্লাব মূল্য নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো জনপ্রিয় দলগুলোর সামনেই থাকলো ইংলিশ জায়ান্টরা।
ইউরোপের ৩২টি ক্লাবের আর্থিক অবস্থা, রাজস্ব, ঋণ, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও সাফল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে প্রতি বছর এ তালিকা বের করা হয়ে থাকে। ম্যানইউর পরের স্থান দুটি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দখলে। ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়ালের মূল্য দুই দশমিক ছয় দুই বিলিয়ন পাউন্ড।
আর লিওনেল মেসির বার্সার মূল্য দুই দশমিক চার নয় বিলিয়ন পাউন্ড। চতুর্থ স্থানে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এরপর যথাক্রমে চার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও লিভারপুল। নবম স্থানে ইতালির ইউভেন্টাস। আর ইংলিশ ক্লাব টটেনহাম আছে দশম স্থানে।