সেন ওয়াটসনের ব্যাটিং নৈপুন্যে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল শিরোপা পুনরুদ্ধার করলো চেন্নাই সুপার কিংস। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস।
মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে টসে হেরে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। মাত্র ১৩ রানে শ্রীবৎস গোস্বামীর উইকেট হারিয়ে বসে তারা। তবে শিখর ধাওয়ানের সঙ্গে বড় জুটি করে তা সামলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫৯ রানের এ জুটি ভাঙ্গলে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান।
এরপর ৪৭ রান করে সাজঘরের পথ দেখেন উইলিয়ামসন। এর কিছুক্ষণপরই ১৫ বলে ১ ছয়ে ২৩ রান করে ডোরাইন ব্রাভোর শিকার হন সাকিব। শেষদিকে ইউসুফ পাঠানের ২৫ বলে ৪৫ রানের উপর ভিত্তি করে ১৭৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে সাতবারের মত ফাইনালে উঠা দল চেন্নাইয়ের পক্ষে নিজের সেরাটা দেয়ার দিন হিসেবে বেছে নেন ওয়াটসন।
প্রথমে ধীর গতিতে রান তুলতে থাকলেও ৮ ছয় ও ৮ চারে ১১৭ রান করে অপরাজিত থেকে ১০ বল হাতে থাকতেই চেন্নাইকে জয়ের বন্দরে পৌছান ওয়াটসন।