শুরু হচ্ছে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল আসর—ফিফা র্যাং কিংয়ের ১৯৪তম দল বাংলাদেশ এ যুদ্ধে নেই। তবুও লিওনেল মেসি, মেসুত ওজিল, আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে বিশ্বকাপে থাকছে বাংলাদেশও। বিশ্বের সেরা ফুটবলাররা পরবেন ‘মেড ইন বাংলাদেশ’ লেখা জ্যাকেট।
চট্টগ্রামের কেইপিজেডের একটি পোষাক কারখানায় বাংলাদেশি শ্রমিকদের হাতে তৈরি হয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, বেলজিয়াম, কলম্বিয়া, মেক্সিকো ও স্বাগতিক রাশিয়া দলের অফিসিয়াল জ্যাকেট।
ওই দলগুলোর জ্যাকেট, জার্সিসহ অন্যান্য জিনিসপত্র স্পনসর করেছে খ্যাতনামা খেলার সামগ্রী প্রস্তুতকারি প্রতিষ্ঠান অ্যডিডাস। তারাই বাংলাদেশ থেকে ৭টি দেশের অফিসিয়াল জ্যাকেট তৈরি করে নিয়েছে। এ সব জ্যাকেটের কলারের নিচে ট্যাগ লাগানো রয়েছে যাতে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ।
গত বছরের আগস্ট থেকে এই পোষাক তৈরি শুরু হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসব পোশাকের জাহাজীকরণ শেষ হয়। অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে এসব কাজ করা হয়েছে যেন দলগুলোর কাছে পৌঁছানোর আগে এসব জ্যাকেট বাজারে না যায়।