খেলা

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফেভারিট আর্জেন্টিনা

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফেভারিট আর্জেন্টিনা
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফেভারিট আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা রয়েছে ‘ডি’ গ্রুপে— এটি টুর্নামেন্টের চ্যালেঞ্জিং গ্রুপগুলোর একটি। গ্রুপে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।

অভিজ্ঞতা ও তারকায় ভরপুর আর্জেন্টিনার সহজেই নক-আউটে যাওয়ার কথা। তবে অঘটন ঘটানোর সামর্থ্য আছে গ্রুপের অন্য তিন দলের।

এ সপ্তাহেই পর্দা উঠছে বিশ্বকাপের একুশতম আসরের। রাশিয়ার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ১৪ জুন থেকে মাঠে গড়াবে খেলা। মাসব্যাপী ফুটবল যুদ্ধ চলবে ৩২ দলের মধ্যে। আটটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিবে দলগুলো।

এবারের অন্যতম আলোচিত গ্রুপ-ডি। লিওনেল মেসির আর্জেন্টিনার কারণে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে এই গ্রুপটি। আর্জেন্টিনা ছাড়াও এই গ্রুপে রয়েছে ইউরোপের দুই দেশ ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। গ্রুপের আরেক দল আফ্রিকার নাইজেরিয়া।

স্টার পাওয়ারের কল্যাণে ডি-গ্রুপ থেকে সহজেই শেষ ষোলোতে যাওয়ার কথা আর্জেন্টিনার। যদিও বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স সুখকর ছিল না আলবিসেলেস্তেদের। বিশ্বকাপের মূলপর্বে খেলা নিয়ে সংশয়ে পড়েছিল দুবারের চ্যাম্পিয়নরা। মেসি না থাকলে হয়তো বা আর্জেন্টিনাকে ছাড়াই হতো রাশিয়া বিশ্বকাপ। কিন্তু মেসির কল্যাণে এখন বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা।

যদিও মেসি-নির্ভরতাই বারবার আর্জেন্টিনার বিপদ বাড়িয়েছে। আগুয়েরো, দি মারিয়া, হিগুয়াইনরা থাকলেও মেসি-কেন্দ্রিক পরিকল্পনার কারণে গত পাঁচ বছরে একটি শিরোপাও জিততে পারেনি আর্জেন্টিনা।

গত বিশ্বকাপের ফাইনালে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। এরপর দুটি কোপা আমেরিকার ফাইনালেও হেরেছে আর্জেন্টিনা। রাশিয়ায় শিরোপার স্বাদ পেতে হলে তাই মেসির সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে হবে দলের অন্যদের।

ডি-গ্রপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটে যেতে পারে ক্রোয়েশিয়া। গ্রুপে শক্তির বিচারে আর্জেন্টিনার পরেই রয়েছে ইউরোপের দেশটি। ইউভেন্টাসের মারিও মানজুকিচ, রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, বার্সেলোনার ইভান রাকেতিচের মতো তারকারা রয়েছেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে।

১৯৯৮ বিশ্বকাপে প্রথম অংশ নিয়ে তৃতীয় হওয়া ক্রোয়েটরা এরপর কখনো গ্রুপ পর্বই পেরুতে পারেনি। বড় টুর্নামেন্টের শিরোপাও জেতেনি এ পর্যন্ত। তবে আক্রমণের পাশাপাশি রক্ষণটাও শক্তিশালী হওয়ায় নক-আউটে যাওয়ার দৌড়ে এগিয়ে তারা।

আর্জেন্টিনার শেষ ষোলোতে যাওয়ার পথ কঠিন করতে পারে ইউরোপের আরেক দেশ আইসল্যান্ড। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে খেলে না দলটি। বিশ্বকাপ বাছাইয়ে নয়জন ভিন্ন ফুটবলার গোল করে আইসল্যান্ডকে মূলপর্বের টিকেট এনে দিয়েছেন।

এমন দলে রয়েছেন ফ্রি-কিক একস্পার্ট গিলফি সিগুর্দসন। প্রিমিয়ার লিগ ভক্তরা বিশ্বকাপের মঞ্চে এভারটন তারকার খেলা দেখার অপেক্ষায় আছেন।

ডি-গ্রুপে আর্জেন্টিনার পরিচিত প্রতিপক্ষ নাইজেরিয়া। গ্রুপে ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দলটিই মেসিভক্তদের ভয়ের কারণ হয়ে উঠতে পারে।

অ্যালেক্স আইওবির গোলে বিশ্বকাপের টিকেট কাটার পর নভেম্বরেই আর্জেন্টিনাকে হারিয়েছে নাইজেরিয়ানরা। প্রীতি ম্যাচটিতে সুপার ঈগলরা জিতেছিল ৪-২ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন আইওবি।

রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার বিপক্ষে একই রকম ফলাফলের আশায় আছেন আফ্রিকান ভক্তরা। তাই আর্জেন্টিনা ফেভারিট হলেও ডি-গ্রুপের সহজ হিসেব-নিকেশকে কঠিন করে দিতে প্রস্তুত অন্য তিনটি দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ