নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
রোববার বাংলাদেশ সময় বেলা ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত। এতে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।
ভারতের পক্ষে অধিনায়ক হারমানপ্রীত কাউর করেন সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া মিথিলা রাজ ১১, ভেদা কৃষ্ণামূর্তি ১১ ও ঝুলন গোস্বামি ১০ রান করেন।
বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ দু'টি করেন এবং সালমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের কাছে হারলেও পরে চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সালমা-রুমানারা।
এদিকে, টুর্নামেন্টের প্রথম পর্বের নিজেদের পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে ভারতও ফাইনাল নিশ্চিত করে। প্রথম পর্বে ভারতের মেয়েদের একমাত্র পরাজয়ের স্বাদটি দিয়েছিল বাংলাদেশের মেয়েরাই।