হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল— পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি।
ই-গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনার ড্র, আর জার্মানির হারের পর এবার ব্রাজিলের বিশ্বকাপ যাত্রাও জয় ছাড়াই শুরু হলো।
রাশিয়া বিশ্বকাপে ফেভারিটদের বেশিরভাগই ভক্তদের আশা পূরণে ব্যর্থ। সেই তালিকায় ব্রাজিলের নামও যোগ হলো।
যদিও প্রথমার্ধে সেলেসাওদের পারফরম্যান্স জয়ের স্বপ্নই দেখাচ্ছিল। সুইস রক্ষণকে প্রায় পুরোটা সময়ই ব্যস্ত রেখেছিলেন নেইমার-মার্সেলোরা।
গত আসরে জার্মানির কাছে ৭-১ গোলে হারের স্মৃতি ভুলিয়ে দিতেই যেন দেখার মতো এক গোল করেন ফিলিপে কুতিনিয়ো। বার্সেলোনা তারকার বাঁকানো শটে সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিয়ে নেয় ব্রাজিল।
তবে বিরতির পর লিড ধরে রাখতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। স্টিভেন জুবারের হেডারে দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে সুইজারল্যান্ড।
সুইসদের ধারহীন আক্রমণের বিপরীতে দাপট দেখাতে পারেননি নেইমাররা। পুরো ম্যাচে একুশবার গোলের জন্য চেষ্টা করলেও সেলেসাওদের মাত্র ৫টি শট অন-টার্গেটে ছিল।
ফলে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও কাঙ্খিত জয়ের দেখা পায়নি ব্রাজিল। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন নেইমাররা।