রাশিয়া বিশ্বকাপে প্রথম আপসেট ঘটিয়েছে মেক্সিকো। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দুর্দান্ত খেলে তারা হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন জার্মানিকে। আক্রমণ পাল্টা আক্রমণের স্নায়ূক্ষয়ী ম্যাচে মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে আসরের অন্যতম হট ফেভারিট জার্মানিকে।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয় ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা দল মেক্সিকো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে মেক্সিকো। প্রথম ১৫ মিনিটেই কয়েকটি ভালো আক্রমণ রচনা করে তারা। পাল্টা আক্রমনে যায় জার্মানিও। তবে ফিনিশিংয়ের অভাবে গোলমুখের দরজা খুলতে পারেনি জার্মানরাও।
৩৫ মিনিটে চিচারিতো হার্নান্দেজের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় গোল করে মেক্সিকোকে লিড এনে দেন লোজানো।
আহত সিংহের মতো প্রতি আক্রমণে যায় জার্মানি। ৩৭ মিনিটে টনি ক্রুস এর ফ্রিকিক বারে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় জোয়াকিম লোর শীষ্যরা।
বিরতির পর কাউন্টার অ্যাটাকে ম্যানুয়েল ন্যুয়ারকে একা পেয়ে যান চিচারিতো হার্নান্দেজ। তবে, কার্লোস ভেলা, তার পাসে পা লাগাতে ব্যর্থ হলে, লিড দ্বিগুণ করার সুযোগ হারায় মেক্সিকো।
গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। ৬৪ মিনিটে জেরোমে বোয়েটাং এর ক্রস থেকে জোসুয়া কিমিচের ব্যাকভলি চলে যায় বারপোস্টের উপর দিয়ে। কিছুক্ষণ পর লক্ষ্যভ্রষ্ট হয় ড্র্যাক্সলারের শটও।
সময় যত গড়াতে থাকে চাপ তত বাড়াতে থাকে জার্মানি। ৭৬ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি টনি ক্রুস ও মুলার।
কাউন্টার অ্যাটাক আসে মেক্সিকোর কাছ থেকেও।
দুদলই একের পর এক আক্রমণ শানিয়েও ফিনিশিংটা আর ঠিকমতো করতে পারেনি।
ফলে ১-০ গোলেই শেষ হয় খেলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো ম্যাজিক সূচনা করলো রাশিয়া বিশ্বকাপে।