দিয়েগো কস্তার একমাত্র গোলে ইরান দূর্গ জয় করলো স্পেন— বিশ্বকাপের বি-গ্রুপের ম্যাচে ইরানের সুদৃঢ় রক্ষণের সামনে স্প্যানিশদের শক্তিশালী আক্রমণভাগ কিছুই করতে পাচ্ছিল না।
তবে দ্বিতীয়ার্ধে কস্তার গায়ে লেগে বল ইরানের জালে জড়ালে আসরের প্রথম জয় পায় স্পেন। এ জয়ে দুই ম্যাচ শেষে স্পেনের পয়েন্ট ৪ আর ইরানের ৩। পর্তুগালেরও পয়েন্ট ৪।
রক্ষণ দিয়েই ব্রাজিল বিশ্বকাপে নিজেদের চিনিয়েছিল ইরান। এবার মরক্কোর পর, সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষেও দারুণ রক্ষণ দূর্গ গড়েছিল ইরানিরা।
তারকানির্ভর স্পেনের শক্তিশালী আক্রমণ দারুণ মুন্সিয়ানায় সামলেছে ইরান। অসাধারণ রক্ষণকৌশলে স্প্যানিশদের বারবার হতাশায় ডুবিয়েছে ইরানিরা। পুরো খেলায় মাত্র ৫ বার ইরানের গোল সীমানায় শট নিতে পেরেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।
স্পেনের রক্ষণ সীমানায় ছিল ইরানের পাল্টা আক্রমণের ঢেউও। তবে প্রথমার্ধে কোনো দলই বল জালে জড়াতে পারেনি।
একঝাক তারকা স্ট্রাইকার নিয়েও প্রথম পঁয়তাল্লিশ মিনিটে গোল আদায়ে ব্যর্থ স্পেন বিরতির পর বাড়ায় আক্রমণের গতি। এমনি এক আক্রমণে দিয়েগো কস্তার গায়ে লেগে বল ইরানের জালে জড়ায়।
গোলটি কস্তার একাউন্টেই যোগ হয়। ফলে এবারের বিশ্বকাপে দুই ম্যাচে কস্তার গোল হলো ৩টি।
সমতা ফেরাতে ইরান একের পর এক মরিয়া আক্রমণ শানায়। গোলও পেয়েছিল তারা। উদযাপনও শুরু করেছিল ইরানিরা কিন্তু ভিডিও রেফারির সিদ্ধান্তে অফসাইডের দায়ে বাতিল হয়ে যায় গোলটি।
এরপর নতুন উদ্যমে আক্রমন শানায় স্পেন। তবে ইরানের গোলরক্ষকের দৃঢ়তায় তাদের কোন চেষ্টাই আর সফল হয়নি।
খেলায় সমতা আনতে শেষ পর্যন্ত চেষ্টা চালায় ইরান। একের পর এক আক্রমণ চালিয়েও শুধুমাত্র যথাযথ ফিনিশিংয়ের অভাবে খেলায় ফিরতে পারেনি এশিয়ার প্রতিনিধিরা।