খেলাধুলায় নারীদের যে জয়যাত্রা শুরু হয়েছে—সেখান থেকে বাংলাদেশ পেছনে ফিরে তাকাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে এশিয়াকাপ জয়ী নারী ক্রিকেট দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নারী ক্রিকেটারদের খেলায় আরো আত্মনিবেদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তাদের উন্নতির জন্য সুযোগ সুবিধার সব ব্যবস্থাই তার সরকার করবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এ জয়ের মাধ্যমে বাংলাদেশের নারীরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
খেলাধুলায় হার-জিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরাজয়ে হতাশ হওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে মনোবল অটুট রাখার মাধ্যমে আগামীতে জয়ের ব্যাপারে প্রতিজ্ঞ হতে হবে।
এশিয়াকাপ জয়কে বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করে দেশের জন্য বিরাট গৌরব নিয়ে আসায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানান শেখ হাসিনা।
বিসিবি ঘোষিত ২ কোটি টাকার পুরস্কারের চেক খেলোয়াড়দের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তার পক্ষ থেকেও পরে নারী ক্রিকেটারদের পুরস্কার দেয়া হয়।