রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে বেলজিয়াম ও মেক্সিকো।
জি গ্রুপের ম্যাচে তিউনিশিয়াকে ৫-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। অন্যদিকে, দিনের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো।
রাউন্ড অব সিক্সটিনে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিউনিশিয়ার বিপক্ষে খেলতে নামে ইউরোপিয়ান ডার্ক হর্স বেলজিয়াম।
৫ মিনিটে এডেন হ্যাজার্ডকে ডি বক্সের মধ্যে ফাউল করেন বেন ইউসেফ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন বেলজিয়াম অধিনায়ক এডেন হ্যাজার্ড।
১৫ মিনিটে ড্রাইস মার্টেন্সের বাড়ানো পাস থেকে বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করেন রোমেলু লুকাকু।
কিছুক্ষণ পর ওয়াহাব খাজরির ফ্রিকিক থেকে হেডারে এক গোল শোধ করেন তিউনিশিয়ার ডাইলান ব্রোন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে থমাস মিউনিয়েরের থ্রু বল থেকে আরো একটি গোল করেন লুকাকু।
বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করেন এডিন হ্যাজার্ড। তাকে সহায়তা করেন টবি অ্যাল্ডারওয়াইল্ড।
এরপর অনেকগুলো গোলের সুযোগ নষ্ট করে ৯০ মিনিটে একবার তিউনিশিয়ার জালে বল জড়ান বদলি খেলোয়াড় মিচি বাতশুয়াই।
অতিরিক্ত সময়ে তিউনিশিয়ার পক্ষে গোল করে ব্যবধান কমান ওয়াহবি খাজরি।
শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেড ডেভিলরা।
এফ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় ১০বারের কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো ও ২বারের এশিয়ান কাপজয়ী দক্ষিণ কোরিয়া। মাঠে নামা
শুরু থেকেই প্রতিদ্বন্দিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন কোরিয়ার জ্যাং হিউন সু। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক নিতে এসে বিন্দুমাত্র ভুল করেননি কার্লোস ভেলা। ১-০তে এগিয়ে যায় মেক্সিকো।
বিরতির পর হার্ভিং লোজানোর সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন চিচারিতো হার্নান্দেজ।
ইনজুরি টাইমে এক গোল শোধ করে কোরিয়া। ২-১ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে হুয়ান কার্লোস ওসোরিওর শীষ্যরা।