রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে উঠেছে উরুগুয়ে— গ্রুপ রানার্স আপ হয়েছে রাশিয়া।
একই গ্রুপের আরেক খেলায় মিসরকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর ও সৌদি আরব দুই দলই।
'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারনী ম্যাচে সামারা অ্যারেনায় মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়া ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
৯ মিনিটেই ডি বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজের অসাধারণ এক ফ্রিকিকে করা গোলে ১-০তে লিড নেয় উরুগুয়ে।
২৩ মিনিটে দেনিশ চেরিশেভের আত্মঘাতি গোলে লিড দ্বিগুণ করে লাতিন আমেরিকার দেশটি।
কিছুক্ষণ পর দিয়েগো লেক্সাল্টকে বিপজ্জনকভাবে ফাউল করলে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইগোর স্মোলনিকোভ। ১০ জনের দলে পরিণত হয় রাশিয়া।
৯০ মিনিটে কর্নার থেকে দিয়েগো গোদিনের হেডার ফেরান রাশান গোলরক্ষক আকিনকিভ। ফিরতি বল জালে জড়ান এডিনসন কাভানি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে ওঠে উরুগুয়ে। আর রানার্স আপ রাশিয়া।
এ গ্রুপের আরেক খেলায় মুখোমুখি হয় বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া দুই দল মিসর ও সৌদি আরব।
মোহামেদ সালাহ'র গোলে এগিয়ে যায় মিসর। এটি এই বিশ্বকাপে সালাহ'র প্রথম ও একমাত্র গোল।
৩৮ মিনিটে সালেম আল দাওসারির শট আহমেদ ফাতিহর হাতে লাগলে পেনাল্টি পায় সৌদি আরব। তবে, খেলায় সমতা ফেরাতে ব্যর্থ হন ফাহাদ আল মুয়ালাদ। তার শট ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক এসাম আল হাদারি।
প্রথমার্ধের ইনজুরি টাইমে মিশরের আলী গাবর ডি বক্সের মধ্যে ফাহাদ আল মুয়ালাদকে ফেলে দিলে আবারো পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। এবার আর স্পটকিক নিতে এসে ভুল করেননি সালমান আল ফারাজ। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
ইনজুরি টাইমে মোহামেদ আল বুরাইকের পাস থেকে সালেম আল দাওসারি স্কোরশিটে নাম তুললে ২-১ ব্যবধানের জয় পায় সৌদি আরব।