দুই ফেভারিট ব্রাজিল ও জার্মানি নকআউট পর্বে যাচ্ছে কি না- নির্ধারিত হবে বুধবার।
জি-গ্রুপে শেষ পরীক্ষায় জার্মানদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। রাত ৮টায় শুরু হবে খেলা। একই সময়ে সুইডেনের সঙ্গে খেলবে মেক্সিকো। জি-গ্রুপের সমীকরণটা বেশ জটিল। গ্রুপের চারটি দলেরই এখনো শেষ ষোলেতে যাওয়ার সুযোগ রয়েছে।
এদিকে, সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই ই-গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে হার এড়ালে একই সুযোগ পাবে সুইজারল্যান্ড। নক-আউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সার্বিয়াও। ই-গ্রুপের ম্যাচ দুটি মাঠে গড়াবে রাত ১২টায়।
বিশ্বকাপের গ্রুপ পর্বেই নক-আউটের আমেজ পাওয়া যাচ্ছে। আটটি গ্রুপের মধ্যে বেশিরভাগেরই এখনো নিষ্পত্তি হয়নি। তৃতীয় ও শেষ ম্যাচে চূড়ান্ত লড়াইয়ের পর ভাগ্য নির্ধারণ হবে দলগুলোর। এর মধ্যে সবচেয়ে কঠিন সমীকরণ এফ-গ্রুপের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি, মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া, চারটি দলেরই শেষ ষোলোতে যাওয়ার সুযোগ রয়েছে।
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর, সুইডেনের বিপক্ষে জয় দিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌঁড়ে টিকে আছে জার্মানি। নক-আউটে যেতে হলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে জার্মানদের। পাশাপাশি মেক্সিকো-সুইডেন ম্যাচের ফল যেন তাদের পক্ষে যায় সেই প্রার্থনাও করবে দিই মানশাফটরা।
জার্মানি হারলে কপাল খুলবে সুইডেনের। সেক্ষেত্রে সুইডিশরা মেক্সিকোকে হারালেই চলবে।
দুই ম্যাচ হারের স্বাদ পাওয়া দক্ষিণ কোরিয়াও রেসে টিকে আছে। কোরিয়ানরা জার্মানিকে হারালে, আর সুইডেন মেক্সিকোর কছে হারলে এশিয়ার দেশটি পরের রাউন্ডের টিকেট পাবে।
এফ-গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে মেক্সিকো। সুইডেনের বিপক্ষে হার এড়ালেই মেক্সিকানরা শেষ ষোলোতে পাড়ি জমাবে।
বিশ্বকাপের ই-গ্রুপেরও চূড়ান্ত হিসেব-নিকেশ বাকী। কোস্টারিকার বিদায় নিশ্চিত হলেও, ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়া-তিনটি দলেরই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ৪ পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই নক-আউটের টিকেট পাবে দুদল। সেক্ষেত্রে কপাল পুড়বে সার্বিয়ার।
তবে সার্বিয়া জিতলে বিপদে পড়বে ব্রাজিল। তখন সুইজারল্যান্ডের ম্যাচের ফলাফল সেলেসাওদের নক-আউট ভাগ্য ঠিক করে দেবে।