আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও মার্কস রোহোর গোলে 'ডি' গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে হোর্হে সাম্পাওলির দল।
নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বল নিয়ন্ত্রণে নিতে কিছুটা সময় নেয় আর্জেন্টিনা। ওই সুযোগে কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল নাইজেরিয়া। আর্জেন্টিনার রক্ষণের ভুলে বলও পেয়ে গিয়েছিলেন আগে ম্যাচ জয়ের নায়ক আহমেদ মুসা। তবে কাজে লাগাতে পারেননি।
খেলার ১৪ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির চমৎকার গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি বক্সে ঢুকে চমৎকার শটে যখন বল জালে জড়ান তখন নাইজেরিয়া গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। এক গোলে এগিয়ে আর্জেন্টিনা দারুণ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। সে ধারাবাহিকতায় ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন গঞ্জালো হিগুয়েইন। মেসির চমৎকার পাসে বক্সে ঢুকে গোলরক্ষকে একা পেয়ে জালে বল জড়াতে পারেননি তিনি।
বিরতির খানিক আগে বক্সের মধ্যে লাফিয়ে রোহো পা দিয়ে ফেলে দেন ইনহানচোকে। নাইজেরিয়ার পেনাল্টি আবেদনে সাড়া দেননি রেফারি। বিরতির পরই অবশ্য পেনাল্টি পায় নাইজেরিয়া। ৪৯ মিনিটে বক্সের মধ্যে হ্যাভিয়েচ মাশ্চেরানো জড়িয়ে ধরে ফেলে দেন বালোগনকে। শুধু পেনাল্টি না, হলুদ কার্ডও পেতে হয় মাশ্চেরানোকে। ওই পেনাল্টি থেকে ভিক্টর মোজেসের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া।
৭১ মিনিটে পালটা আক্রমণ থেকে উইলফ্রেড এনদিদির জোরালো শট বার ঘেঁষে উপর দিয়ে চলে গেলে বিপদ থেকে রক্ষা পায় আর্জেন্টিনা। ৭৫ মিনিটে আরও এক গোলের সুযোগ নষ্ট করে নাইজেরিয়া। ফাঁকায় বল পেয়ে গোলে রাখতে পারেননি আহমেদ মুসা। তবে তখন হেড করতে গিয়ে হাতে লাগিয়েছিলেন রোহো। ভিএআর পরীক্ষার পরও পেনাল্টি দেননি রেফারি। ক্ষোভে বেশ খানিকক্ষণ ধরে প্রতিবাদ করে নাইজেরিয়ানরা।
৮৬ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ছিল ১-১। একরাশ হতাশা ও বুকে কাঁপন নিয়ে প্রতীক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। তখনই গোল করে সবাইকে উল্লাসে মাতান মার্কাসো রোহো। রোহোর কাঁধে চড়ে বিজয়োল্লাস করেন মেসিসহ অন্যরা।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ আর্জেন্টিনার প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। আগামী ৩০ জুন কাজানে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে।