অঘটনের সাক্ষী হলো রাশিয়া বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি।
দক্ষিণ কোরিয়ার কাছে ইনজুরি টাইমে দুই গোল খেয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে দি ম্যানশ্যাফ্টরা।
এদিকে, আরেক খেলায় মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। এর ফলে 'গ্রুপ অব ডেথ' খ্যাত এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুইডেন আর রানার্স আপ হয়ে শেষ ষোলতে গেল মেক্সিকো।
কাজান অ্যারেনায় ডু অর ডাই ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় জার্মানি।
শুরু থেকেই কোরিয়ার রক্ষণে আধিপত্য বিস্তার করে খেলে জোয়াকিম লোর শীষ্যরা। তবে, অনেক চেষ্টা করেও জালের ঠিকানা খুঁজে পায়নি জার্মানি।
প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। বিরতির পর আক্রমনের ধার আরো বাড়ায় ইউরোপিয় জায়ান্টরা। তবে, কাঙ্ক্ষিত গোল অধরাই থেকে যায় চারবারের চ্যাম্পিয়নদের।
শেষদিকে, গোল পেতে মুহুর্মুহু আক্রমণ চালায় জোয়াকিম লোর শীষ্যরা। তবে, ফিনিশিং দিতে পারেননি জার্মান ফরোয়ার্ডরা।
কাজান অ্যারেনায়, নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি জার্মানি ও দক্ষিণ কোরিয়া। উল্টো ইনজুরি টাইমে জার্মানির জালে দুইবার বল পাঠায় কোরিয়া।
২-০ গোলের হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় গত আসরের চ্যাম্পিয়নরা।
২০০২ সালে ফ্রান্স, ২০১০ এ ইতালি ও ২০১৪তে স্পেনের পর এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো আরেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
এদিকে, আরেক খেলায় একাতেরিনবার্গ অ্যারেনায় মুখোমুখি হয় মেক্সিকো ও সুইডেন। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল।
বিরতি থেকে ফিরেই, ভিক্টর ক্লায়সনের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করেন সুইডেনের লুডউইগ অগাস্টিন।
কিছুক্ষণ পর মার্কাস বার্গকে ডি বক্সের মধ্যে ফেলে দেন হেকটর মোরেনো। পেনাল্টি থেকে গোল করে লিড দ্বিগুন করেন আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট।
৭৪ মিনিটে মেক্সিকো ডিফেন্ডার এডসন আলভারেজের আত্মঘাতি গোলে ৩-০তে এগিয়ে যায় সুইডেন।
৩-০ গোলের জয়ে এফ গ্রুপ থেকে সমান ৬ পয়েন্ট অর্জন করে সুইডেন ও মেক্সিকো। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুইডেন, আর রানার্স আপ হয়ে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো।