ইংল্যান্ডকে হারিয়ে জি-গ্রুপের চ্যাম্পিয়ন হলো বেলজিয়াম। আদনান ইয়ানুজাইয়ের একমাত্র গোলে জিতেছে বেলজিয়ানরা। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম জাপানের আর ইংল্যান্ড কলম্বিয়ার বিপক্ষে খেলবে। এদিকে গ্রুপের আরেক ম্যাচে পানামাকে ২-১ গোলে হারিয়ছে তিউনিশিয়া।
বেলজিয়ামের বিপক্ষে আটটি পরিবর্তন এনে দল সাজান ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। বেলজিয়ামের ম্যানেজার রবার্তো মার্টিনেজ আনেন নয়টি পরিবর্তন। দুদলের কোচই বুঝিয়ে দেন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচ নিয়ে মাথাব্যথা নেই তাদের। চোটের কারণে বেলজিয়ামের ফরওয়ার্ড রোমেলু লুকাকুর খেলছেন না জানা গিয়েছিল আগেই।
খেলা শুরুর আগে ইংলিশরাও জানিয়ে দেয় বিশ্রাম দেয়া হচ্ছে তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে। ফলে ম্যাচের আকর্ষণ কমে যায়। বিরতির পর বেলজিয়ামের ইয়ানুজাইয়ের একমাত্র গোলটি ছাড়া উল্লেখযোগ্য কিছু হয়নি খেলায়। গ্রুপের আরেক ম্যাচে, পানামাকে হারিয়ে একমাত্র জয় দিয়েই বিশ্বকাপ শেষ করেছে তিউনিশিয়া।