রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এশিয়া ও আফ্রিকার পর শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় দেশগুলো। অল-ইউরোপিয়ান সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কখনোই বিশ্বকাপ না জেতা বেলজিয়াম ও ক্রোয়েশিয়া।
শিরোপা দৌঁড়ে টিকে আছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে ১০ জুলাই ফ্রান্স বেলজিয়ামের আর ১১ জুলাই ইংল্যান্ড মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
বিশ্বকাপের শেষ আটের লড়াই শেষ— আফ্রিকা ও এশিয়ার প্রতিনিধিরা আগেই বাড়ি ফিরে গেছে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও ব্রাজিলের বিদায়ে লাতিন আমেরিকার শিরোপা স্বপ্নও ভেঙে গেছে। সোনালি ট্রফির দৌঁড়ে টিকে আছে ইউরোপের চার দেশ ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
সেমিফাইনালের টিকেট পেতে খুব একটা কষ্ট হয়নি ফ্রান্সের। গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা। ফরাসিরা আর্জেন্টিনাকে বিদায় করে শেষ আটে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়েকেও বাড়ির পথ দেখিয়েছে তারা।
শেষ চারে ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে প্রতিবেশী বেলজিয়ামকে পেয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে রেড ডেভিলরা। দ্বিতীয় রাউন্ডে জাপানকে বিদায় করে এশিয়ান ভক্তদের হতাশ করেছিল বেলজিয়াম।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে লাতিন আমেরিকার শিরোপা স্বপ্নও গুঁড়িয়ে দেয় ইউরোপের দেশটি। সেই সঙ্গে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় তারা।
২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপের পেনাল্টি শ্যুট আউটে নিজেদের প্রথম জয় পাওয়া ইংল্যান্ডের সুইডেনকে হারাতে কষ্ট হয়নি। গ্রুপ পর্ব থেকে তুলনামূলক সহজ প্রতিপক্ষের মোকাবেলা করে আসা ইংলিশরা টুর্নামেন্টে একমাত্র ম্যাচটি হেরেছে বেলজিয়ামের বিপক্ষে।
বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গ্রপ পর্বে অপরাজিত ক্রোয়াটরা নক-আউট পর্বে ডেনমার্কের পর রাশিয়ার বিপক্ষেও পেনাল্টি শ্যুট আউটে স্নায়ুক্ষয়ী জয় তুলে নিয়েছে।
২০ বছর পর সেমিফাইনালে উঠে বিশ্বকাপে নিজেদের আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়ার সর্বকালের অন্যতম সেরা দলটি।