চিলির হয়ে কোপা আমেরিকাজয়ী এ হোর্হে সাম্পাওলি এ কোচের ওপর আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। সেই আশার জলে নুন বালি সবই পড়ল। আর্জেন্টিনার কোচ হিসেবে দেড় বছরও টিকতে পারলেন না। বিশ্বকাপে ব্যর্থ হওয়ার দায় কাঁধে নিয়ে বিদায় জানাতে হয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর বলা হয়েছে, ছাঁটাই করা হয়েছে হোর্হে সাম্পাওলিকে— তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন সাম্পাওলি।
সাম্পাওলিকে ছাঁটাই করে অবশ্য বিপুল মাশুল গুণতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে।
শোনা যাচ্ছে, ক্ষতিপূরণ বাবদ সাম্পাওলিকে ১৪ মিলিয়ন ডলার প্রদান করবে আর্জেন্টিনা। কিন্তু এই ১৪ মিলিয়ন ডলার একসঙ্গে দেবে না তারা। সাত কিস্তিতে ২ মিলিয়ন ডলার করে সাত বছরে এ অর্থ পরিশোধ করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কোচ হিসেবে ১৪ ম্যাচ দায়িত্বে ছিলেন সাম্পাওলি। এই ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ তিনি জিতেছেন, ড্র করেছেন চারটি ম্যাচ, হেরেছেনও চারটিতে। এই বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে চারটি ম্যাচ। এই চার ম্যাচে জয় একটি, ড্র একটি এবং হেরেছে দুটি ম্যাচে।
সাম্পাওলির পরিবর্তে আর্জেন্টিনা দলের দায়িত্ব কে নেবেন, সে ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।