তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শেষ করেছে বেলজিয়াম।
এটি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে বেলজিয়ামের সেরা সাফল্য। ইংল্যান্ডের জালে বল পাঠান থমাস মিউনিয়ের ও অধিনায়ক এডিন হ্যাজার্ড।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ইউরোপের দুই জায়ান্ট বেলজিয়াম ও ইংল্যান্ড। শিরোপার রেস থেকে ছিটকে গেলেও এই ম্যাচ মর্যাদার লড়াই ছিলো দুই দলের জন্য।
শুরুতেই লিড নেয় বেলজিয়াম। মিডফিল্ডার নাসের চাডলির ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডের জালে বল জড়ান ডিফেন্ডার থমাস মিউনিয়ের।
১১ মিনিটে সমন্বিত আক্রমন চালায় রেড ডেভিলরা। তবে কার্যকর ফিনিশিং দিতে পারেননি কেভিন ডি ব্রুইনা।
২৩ মিনিটে রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে পাওয়া বল বারের পাশ দিয়ে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
৩৪ মিনিটে বেলজিয়ামের টবি অ্যাল্ডারওয়াইল্ডের শট চলে যায় বারের উপর দিয়ে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
এ ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি দুই টপস্কোরার হ্যারি কেইন ও রোমেলু লুকাকুকে। গোলের সহজ সুযোগ নষ্ট করেন এই দুই ফরোয়ার্ডই। লুকাকুকে মাঠ থেকে তুলে নেন রবার্তো মার্টিনেজ।
বিরতির পর আক্রমন ও পাল্টা আক্রমনে জমে ওঠে খেলা। ৬৯ মিনিটে বল নিয়ে বেলজিয়ামের বিপদসীমায় ঢুকে পড়েন ইংলিশ মিডফিল্ডার এরিক ডায়ার। গোলকিপারকে ফাঁকি দিলেও নিশ্চিত গোল বাঁচান বেলজিয়ান ডিফেন্ডার টবি অ্যাল্ডারওয়াইল্ড।
৭৯ মিনিটে থমাস মিউনিয়েরের বিদ্যুৎগতির শট ফিরিয়ে বেলজিয়ামকে গোল বঞ্চিত করেন ইংলিশ কিপার জর্ডান পিকফোর্ড।
তবে, বেশিক্ষণ রেড ডেভিলদের আটকে রাখতে পারেনি থ্রি লায়নসরা। কেভিন ডি ব্রুইনার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক এডেন হ্যাজার্ড।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয়ে তৃতীয় হয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। বিশ্বকাপে এটি বেলজিয়ামের সেরা সাফল্য।