ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করবেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি।
চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ সামারাভিরার চলে যাবার পর থেকেই হেড কোচের পাশাপাশি ব্যাটিং কোচের পদটিও ছিল শুন্য। সম্ভাব্য ব্যাটিং কোচ হিসেবে কিছু নাম উঠে আসলেও মেকেঞ্জির নাম ছিল সে তালিকার প্রথমে। অবশেষে আনুষ্ঠানিকভাবেই কোচের দায়িত্ব নিয়ে আগামী ২২ জুলাই থেকে দলের সঙ্গে কাজ শুরু করবেন এই প্রোটিয়া কোচ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে জ্যামাইকা পৌঁছলেও ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলার একাদশের বিপক্ষে এই ম্যাচে থাকছেন না ওয়ানডে দলপতি মাশরাফি।
গত ১৬ জুলাই মধ্যরাতে জ্যামাইকার উদ্দেশ্যে দেশ ছাড়েন মাশরাফি। ঢাকা-দুবাই-মিলান- নিউইয়র্ক হয়ে জ্যামাইকা পৌঁছান তিনি। বিমান পথে দীর্ঘ ভ্রমনের ক্লান্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিলেও আজ খেলতে পারবেন না দলপতি। ২০ জুলাই থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ম্যাশ।
মাশরাফি না খেললেও, টাইগার পেসার মুস্তাফিজ ও ওপেনার এনামুল হক বিজয় এরই মধ্যে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ক্রিস গেইল ও প্যাট্রিক প্যাটারসনকে সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে অবদানের জন্য আশির দশকের অন্যতম সেরা পেসার প্যাটারসন ও ক্যারিবীয়দের সর্বকালের সেরা ওপেনার গেইলকে সম্মানিত করা হবে।