সাকিব-মুস্তাফিজসহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চান না- জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী দুই বছর মুস্তাফিজ বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবে না বলেও জানান তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের দুটিতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের বাজে খেলার কারণ খুঁজতে যখন ক্রিকেট বোদ্ধারা গবেষণায় ব্যস্ত তখন বিসিবি সভাপতি জানান অভিজ্ঞ ক্রিকেটারদের টেস্ট খেলায় অনাগ্রহের কথা।
সাকিব-মুস্তাফিজ সরাসরি না বললেও টেস্ট খেলার কথা উঠলে এড়িয়ে যেতে চান বলে দাবি নাজমুল হাসান পাপনের।
বোর্ড সভাপতি বলেন, পেসার রুবেল হোসেনসহ অনেকে ক্রিকেটার আছেন যারা টেস্টে কঠিন বলে খেলতে চান না।
ওয়েস্ট ইন্ডিজে চলমান সিরিজে সাদা পোশাকে খেলা দুই ম্যাচের একটিতেও সাকিবদের মধ্যে লড়াই করার চেষ্টা দেখা যায়নি।
পাঁচদিনের খেলার প্রথমটি আড়াইদিনে, পরেরটি তিন দিনে শেষ হয়েছে। এর মধ্যে অ্যান্টিগায় ইনিংস ও ২১৯ রানে আর জ্যামাইকায় ১৬৬ রানে হেরেছে বাংলাদেশ।