জার্মানির হয়ে আর খেলতে চান না মেসুত ওজিল।
অভিমান করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মান মিডফিল্ডার।
২৯ বছর বয়সী ওজিল টুইটারে লম্বা এক বিবৃতিতে জানিয়েছেন, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন তার প্রতি বিরূপ আচরণের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে এ প্লে-মেকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জার্মানির হয়ে আর খেলতে চান না।
টুইটে তিনি লিখেছেন, আমি আর জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চাই না। আমি বর্ণবাদ এবং অবমাননার শিকার।
বিশ্বকাপের আগে লন্ডনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ছবি তোলার পর থেকে জার্মান গণমাধ্যমের সমালোচনার শিকার হতে থাকেন ওজিল।
আর্সেনাল মিডফিল্ডারের সঙ্গে ছিলেন তুর্কি বংশোদ্ভূত আরেক জার্মান ফুটবলার গুনদোগানও।
নিজের শিকড়ের টানে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলেছেন বলে ব্যাখ্যা দিয়েছেন ওজিল।
ফুটবলপ্রেমী এরদোয়ানের সঙ্গে খেলার কারণেই একাধিকবার দেখা হয়েছে বলেও জানিয়েছেন গানার তারকা।
তবে ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো ওজিলের কথায় খুব একটা কাজ হয়নি।
বিশ্বকাপে জার্মানদের ব্যর্থতার দায়ও তার ঘাড়ে চাপানোয় অভিমানী ওজিল জার্মানির হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন।
২০০৯ সালে জার্মানির জার্সি গায়ে জড়ানো ওজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৯২টি ম্যাচ। যার মধ্যে তিনি করেছেন ২৩টি গোল। পাশপাশি আছে ৪০ টি অ্যাসিস্টও। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার।