বাফুফের সহ-সভাপতি বাদল রায়কে হুমকি ও তার স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় অভিযুক্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাবেক ফুটবলাররা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক ফুটবলাররা আবু নাইম সোহাগকে বাফুফে থেকে বহিষ্কারের দাবি জানান। থানায় জিডি ও বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে স্মারকলিপি দেয়ার পরও অভিযুক্ত আবু নাঈম সোহাগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বাদল রায় ও তার স্ত্রীর প্রতি ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের অভিভাবকহীন আচরণের কথা উল্লেখ করেন সাবেক ফুটবলররা।
বাফুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত দশ বছরে জাতীয় পুরুষ ফুটবল দলের ব্যর্থতার নজিরও তুলে ধরেন বক্তারা।