কাঁধের ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে সিরিজের শেষ দুটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
গত রোববার তৃতীয় ওয়ানডে চলাকালীন একটি ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান তিনি। তাকে কমপক্ষে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
খুব দ্রুতই ডু প্লেসিসের পরিবর্তে বর্তমান দল থেকেই একজনকে অধিনায়ক করা হবে। তবে তার পরিবর্তে কোনো ক্রিকেটার নেয়া হচ্ছে না।
গত ম্যাচে ডু প্লেসিস মাঠ থেকে বেরিয়ে গেলে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তিনি দুটি সফল রিভিউও নিয়েছিলেন। ফলে তাকে অধিনায়ক করা হতে পারে। অথবা সাবেক অধিনায়ক হাশিম আমলার কাঁধেও এ দায়িত্ব উঠতে পারে।
এছাড়া গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অধিনায়ক হওয়া এইডেন মার্করামও নেতৃত্বে আসতে পারেন।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
আগামী ৮ আগস্ট ক্যান্ডিতে সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।