বাংলাদেশ টি২০ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাজমুল ইসলাম অপু।
বাঁহাতি এই স্পিনার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে ১২ রানের জয়ে অন্যতম ভূমিকা রাখেন। বোলিংয়ে অন্যতম এই খেলোয়াড় গতকাল মাত্র ৩টি বল করেই হাতে চোট নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চোটের কারণে তার বাঁ হাতে ২৫টি সেলাই দিতে হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন নাজমুল অপু। তার তৃতীয় ডেলিভারিটি সোজা ব্যাটে রক্ষণাত্মকভাবে খেলেন মারলন স্যামুয়েলস।
ডানদিকে সামান্য ঝাঁপিয়ে পড়েই বলটি ধরেন অপু। তবে বলটি ধরার সময় ননস্ট্রাইক প্রান্তে থাকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন অজ্ঞাতেই বুট দিয়ে মাড়িয়ে দেন তার বাঁ হাতের পৃষ্ঠদেশ।
সঙ্গে সঙ্গে ব্যথায় মলিন হয়ে যায় অপুর চেহারা। বাংলাদেশ দলের ফিজিও এসে তাকে ড্রেসিংরুমে নিয়ে যান। আর মাঠে নামা হয়নি তার।
বাংলাদেশ দল থেকে জানানো হয়েছে, বুটের স্পাইকের কারণ নাজমুল অপুর বাঁ হাতের উপরিভাগে চারটি ক্ষত হয়েছে।
বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম তার হাতে অনেকগুলো সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার হাতে সব মিলিয়ে ২৫টি সেলাই লেগেছে। দুই সপ্তাহ পর সেলাই কাটা হবে। এর পর তার ক্ষতের অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।