সার্জারি ছাড়া সাকিবের আঙুলের ব্যথা পুরোপুরি সারবে না— অনলাইন মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকের মতে সাকিবের আঙুলে সার্জারি লাগবে বলে জানান তিনি।
মার্চে নিদাহাস ট্রফির সময় সাকিব আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন। সেই ইনজুরিই এখনো ভোগাচ্ছে টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছেন সাকিব।
আপাতত আঙুলের ব্যথা নিয়ন্ত্রণে আছে। কিন্তু দীর্ঘমেয়াদে এই ব্যথার কার্যকর চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার।
সার্জারি করালে সেরে উঠতে সাকিবের অন্তত দেড় থেকে দুই মাস সময় লাগবে। স্বাভাবিকভাবে সে সময় কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। ঈদের পর থেকে ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের ব্যস্ত সূচি রয়েছে তাই।
তাই সাকিব দেশে ফেরার পর, অপারেশন কবে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।