ফ্লোরিডার হোটেল লবির ঘটনার ব্যাখ্যা দিলেন সাকিব আল হাসান। টাইগার দলপতি বলেছেন, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ক্রিকেটারদের বেশ কষ্ট হয়। এরকম অবস্থায় ক্রিকেটারদের মনের অবস্থা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত বা মতামত না দিতে অনুরোধ করেছেন তিনি।
সাকিব বলেছেন, কিছু মানুষ সবসময় তাকে ছোট করতে পছন্দ করে। তাদের উদ্দেশে সাকিবের বক্তব্য, ক্রিকেটারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। প্রত্যেক ম্যাচে ক্রিকেটাররা অনেক বেশি চাপে থাকে। তাই সেসময় তাদের ওপর নতুন করে চাপ প্রয়োগ না করার জন্য সাকিব বিশেষ অনুরোধ করেছেন।
তিনি আরো বলেন, তিনি সবসময় সমর্থকদের পাশে আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে হোটেলে ফেরার পর এক ভক্তের অনুরোধে সাকিব সেলফি তোলেন। অটোগ্রাফও দেন।
তবে এরপরেও সেই ভক্ত বাজে মন্তব্য করলে মেজাজে হারিয়ে ওই ভক্তের দিকে তেড়ে যান সাকিব।