সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। ভুটানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা।
থিম্পুর চানিলিমিথান স্টেডিয়ামে মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান কোচ ছোটন ও টেকনিক্যাল স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল।
ফুটবলাররা মানসিকভাবে প্রস্তুত ও জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক মারিয়া মান্ডা জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য। সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এবার শিরোপা ধরে রাখার মিশনে বি-গ্রুপে পাকিস্তান ছাড়া নেপালের সঙ্গেও খেলবে লাল-সবুজরা। গ্রুপ পর্বের সে ম্যাচটি হবে ১৩ আগস্ট।
১৬ আগস্ট টুর্নামেন্টের সেমিফাইনালের পর ১৮ আগস্ট একই ভেন্যুতে হবে ফাইনাল।