জামাল ভূঁইয়ার গোলে কাতারকে ১-০ তে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তায় ডু অর ডাই ম্যাচে গতকাল কাতারের মুখোমুখি হয় লাল সবুজরা। দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, নির্ধারিত ৯০ মিনিটে খেলায় গোল হয়নি। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে তখন ইনজুরি টাইমে জামাল ভুঁইয়ার অসাধারণ গোল জয় পায় বাংলাদেশ।
দিনের আরেক খেলায় উজবেকিস্তানের কাছে ১-০ গোলে থাইল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে যায়। ২৪ আগস্ট কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সৌদি আরব অথবা ইরানকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।
এদিকে, দল দ্বিতীয় রাউন্ডে উঠবে না ধরে নিয়ে দেশে ফেরার জন্য ২১ আগস্টের টিকেট কেটে ফেলেছিল বাফুফে। তবে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হওয়ার পর টিকেট বদল করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।