ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হেরে গেছে মাহমুদুল্লাহ'র দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
তাদের ৪৬ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ব্যাটিং ও বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ।
টস হেরে ব্যাট করতে নামে ত্রিনবাগো। কলিন মুনরোর অপরাজিত ৭৬, ব্রেন্ডন ম্যাককালামের ৩৫ ও ব্রাভোর অপরাজিত ৩৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২ ওভার বল করে ১৯ রান দিয়ে কোনো উইকেট পাননি মাহমুদুল্লাহ। জবাব দিতে নেমে, ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে সেন্ট কিটস।
এভিন লুইসের ৫২, থমাসের ২৩ ও ব্রেথওয়েটের ২১ ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউই। ২ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ। এর ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ত্রিনবাগো।
এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।