মার্গারেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যামের আরো কাছে চলে এসেছেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেন টেনিসের নারী এককের ফাইনালে উঠেছেন মার্কিন তারকা। এদিকে প্রথম জাপানি নারী হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন নাওমি ওসাকা।
লাটভিয়ার অ্যানাস্তেশিয়া সিভাস্তোভাকে হারাতে কোনো কষ্টই হয়নি সেরেনার। মাত্র ৬৬ মিনিটে উনিশতম বাছাইকে সেরেনা হারান ৬-৩, ৬-০ গেমে। জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে উঠেও অ্যাঞ্জেলিক কারবারের কাছে হার মেনেছিলেন সেরেনা।
এবার মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার আরো একটি সুযোগ তৈরি করে নিয়েছেন তিনি। এবার জিতলে ইউএস ওপেনের সপ্তম ট্রফি ঘরে তুলবেন উন্মুক্ত যুগের রেকর্ড ২৩টি গ্র্যান্ডস্ল্যামজয়ী। শনিবারের ফাইনালে সেরেনার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা।
২০ বছর বয়সী ওসাকা বিশতম বাছাই ম্যাডিসন কীজকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। শনিবার সেরেনাকে হারাতে পারলে প্রথম জাপানি হিসেবে নারী টেনিসে গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন ওসাকা।