বিশ্বকাপের ট্রফি ঘরে তোলার পর ঘরের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে ফ্রান্স।
উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসকে বিশ্বচ্যাম্পিয়নরা হারিয়েছে ২-১ গোলে।
লিগের আরেক ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের জোড়া গোলে ওয়েলসের বিপক্ষে জয় পেয়েছে ডেনমার্ক।
এদিকে, প্রীতি ম্যাচে জিতেছে জার্মানি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের প্রথম লিড আসে কিলিয়ান এমবাপের কল্যাণে।
রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ ডাচরা খেলায় সমতা আনে রায়ান ব্যাবেলের দ্বিতীয়ার্ধের গোলে।
যদিও অলিভিয়ের জিরুর অসাধারণ ফিনিশিংয়ে ফরাসিরা জয় তুলে নেয়।
এদিকে ওয়েলসের জালে নিচু শটে লিড এনে দেয়ার পর পেনাল্টি থেকে লিড দ্বিগুণের কাজটিও করেছেন ডেনমার্কের অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিশ্চিয়ান এরিকসন।
এছাড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে লুইস অ্যাডভিনকুলার নিচু শটে শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি।যদিও নিকোলাস ব্র্যান্ড ও নিকো স্কাল্জের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানরা।