এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে রোববার শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় খেলা মাঠে গড়াবে।
এফ-গ্রুপের ম্যাচটির ফলাফলের পর জানা যাবে আনুচিং-আঁখিরা টুর্নামেন্টের মূলপর্বে খেলার টিকেট পাবে কি-না।
বাছাইপর্বে জুনিয়র টাইগ্রেসদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আগের তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের কিশোরিরা। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা বাহরাইনকে ১০-০, লেবাননকে ৮-০ আর সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারিয়েছে। তিন ম্যাচে নয় পয়েন্ট আর ২৫ গোলের সুবাদে এফ-গ্রুপের দ্বিতীয় স্থানে লাল-সবুজরা।
সমান ম্যাচ, পয়েন্ট ও গোল ব্যবধানে শীর্ষে আছে ভিয়েতনাম। কাল তাদের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের মূলপর্বে খেলা নিশ্চিত করে ফেলবে শামসুন্নাহার, মারিয়ারা।
আর হারলে বা ড্র করলে ছয়টি গ্রুপের মধ্যে সেরা দুই রানার্সআপের একটি হিসেবে মূলপর্বের খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।