এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে এফ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলার টিকেট পেয়েছে মারিয়া মান্ডার দল। ২০১৯ সালে ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
এফ-গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল বাছাইপর্ব শুরুর আগেই। ভিয়েতনাম ও বাংলাদেশের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হওয়ায় গ্রুপের শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল।
কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকেই তাই গোলের জন্য চেষ্টা চালাতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই সাজেদার পাস পেয়ে ভিয়েতনামের জালে বলও জড়ান শামসুন্নাহর। তবে তিনি অফসাইড হওয়ায় রেফারি গোলটি বাতিল করে দেন।
আগের ম্যাচের মতো অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হওয়ায় মরিয়া হয়ে ওঠেন আনুচিংরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে লাল-সবুজদের কাঙ্খিত লিড এনে দেন তহুরা খাতুন।
বিরতির পর আরো দুইবার অফসাইডের ফাঁদে পড়ে বাংলাদেশ দল। পুরো খেলায় তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।
যদিও দ্বিতীয়ার্ধে লিড বাড়িয়ে নেন আঁখি খাতুন। স্বাগতিক এই ডিফেন্ডারের নৈপুণ্যে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
খেলার শেষপ্রান্তে ফ্রি-কিক থেকে ব্যবধান কমানোর সুযোগ পায় ভিয়েতনাম। তবে বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল হজম না করেই বাছাইপর্ব শেষ করে জুনিয়র টাইগ্রেসরা।
আর এফ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।