স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে উড়ে গেলো রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলে হার দেখে হুলেন লোপেতেগির দল।
ম্যাচের ১৭তম মিনিটে স্প্যানিশ উইঙ্গার জেসুস নাভাসের পাস ছোট ডি-বক্সে পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ এ মিডফিল্ডার।
২৩তম মিনিটে প্রথমার্ধে রিয়ালের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিলেন বেল। তবে ডি-বক্সের বাইরে থেকে ওয়েলস ফরোয়ার্ডের নেয়া শট লাগে পোস্টে।
৩৯তম মিনিটে ব্যবধান আরো বাড়ান বেন ইয়েদার। ভাসকেসের পাস থেকে জোরালো শটে গোলটি করেন ফরাসি এ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে একইভাবে বল দখলে এগিয়ে ছিল অতিথিরা। তবে সেভিয়ার দারুণ মাঝমাঠের বিপক্ষে সুবিধা করতে পারেনি রিয়াল। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে দিনের অন্য ম্যাচে লেগানেসের মাঠে ২-১ গোলে হারা বার্সেলোনা।
তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১১। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেভিয়া।