দুই ম্যাচ পর লীগে আবারো জালের দেখা পেলেন নেইমার আর জোড়া গোল করেন এডিনসন কাভানি। রিমসকে উড়িয়ে লীগ ওয়ানে জয়ের ধারা ধরে রাখলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পরও ৪-১ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিমস।
বাঁ দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো চাভাররিয়ার পাস পেয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড জাভিয়ের শাভালেরিন। তিন মিনিট পরই সমতা ফেরায় পিএসজি। উড়ে আসা বলে ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক।
তবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। আলগা বল পেয়ে জাল খুঁজে নেন কাভানি। ২৪তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে কাভানির ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। লীগে প্রথম চার ম্যাচের প্রতিটিতে একবার করে জালে বল পাঠানো নেইমার গত দুই ম্যাচে গোল পাননি।
এবারের আসরে এটা তার পঞ্চম গোল। বিরতির আগে প্রায় ৩০ গজ দূর থেকে নেইমারের ফ্রি-কিক ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক। বল গিয়ে কাভানির পায়ে গিয়ে পড়ে।
অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এবারের লীগে কাভানিরও এটি পঞ্চম গোল। আর ৫৫তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয় নিশ্চিত করেন থমাস মুনিয়ের।
প্রথমবারের মতো পিএসজির শুরুর একাদশে সুযোগ পাওয়া ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির পাস পেয়ে বল জালে পাঠান বেলজিয়ামের ডিফেন্ডার মুনিয়ের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন তিনি। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। অলিম্পিক লিঁও, মার্সেই ও লিলের পয়েন্ট সমান ১৩ করে। গোল ব্যবধানে এগিয়ে লিঁও দ্বিতীয় স্থানে রয়েছে।