প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। ১-০ গোলে জিতেছে আর একমাত্র গোলটি করেছেন মিরান্ডা।
মঙ্গলবার সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে ব্রাজিল। তবে সেটা ম্যাচের শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে নেইমারের অসাধারণ এক কর্নার কিক থেকে মিরান্ডার মাথা ছুঁয়ে পাওয়া গোলে।
জেদ্দার বাদশাহ আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটিতে ছিল চোখে পড়ার মতো দর্শক। ফুটবলপ্রেমীরা ভিড় করেন উত্তেজনায় ঠাসা এক ম্যাচ দেখবেন বলে।
কিন্তু কিসের কী উত্তেজনা! পুরো ম্যাচে দুই দল মিলে গোলমুখে শট নিয়েছে ২৩টি। এর মধ্যে ব্রাজিলের শট ১২টি অন্য ১১টি শট আর্জেন্টিনার। এ ২৩ শটের বেশির ভাগই আবার দ্বিতীয়ার্ধের শেষদিকে। মজার বিষয় হচ্ছে ২৩টি মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৪টি শট! নেইমার-জেসুসরা ৩টি শট লক্ষ্যে রাখতে পারলেও ইকার্দি-দিবালারা গোলমুখে শট লক্ষ্যে রাখতে পেরেছিলেন মাত্র ১টি।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল তিতের শিষ্যরা। যদিও শুরুতে গোলের সুযোগ পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনাই। অবশ্য সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন জিওভানি। প্রথমার্ধেই ফের সুযোগ পায় আর্জেন্টিনা। সেটা অবশ্য ব্রাজিল গোলপোস্টে আস্থার প্রতীক আলিসনের ভুলে। এবারও গোল দিতে ব্যর্থ আর্জেন্টিনা। ম্যাচের ২৮ মিনিটে আর্জেন্টিনাকে রক্ষা করেন ওতামেন্ডি। মিরান্ডার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ওতামেন্ডি। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ডি-বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু মঙ্গলবারের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা নেইমার আর্জেন্টাইন রক্ষণ দেয়ালে শট মেরে বসেন।
দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড দেখেন ব্রাজিল পোস্টারবয় নেইমার। ম্যাচের শেষদিকে নেইমার বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে সেটা ম্যাচের শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে নেইমারের অসাধারণ এক কর্নার কিক থেকে মিরান্ডা গোল করেন।