মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আজ বেলা আড়াইটার দিকে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আট মাস পর আজ দেশের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া এবারই প্রথম কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
সাকিব-তামিমকে ছাড়াই দল হিসেবে সেরাটা খেলতে চান মাশরাফি। গতকাল তিনি বলেন, ‘অনেক দিন পর হোমে খেলতে নামছি। অবশ্যই সবাই আত্মবিশ্বাসী। সাকিব তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে, সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য যা যা দরকার করেছেন।’
আগের ৬৯ বারের সাক্ষাতে ৪১ বার জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। আজ ৭০ তম সাক্ষাতে দুদলের লড়াইয়ে নিজেদের জয়ের সংখ্যা আরো বাড়ানোর চেষ্টাই করবে টাইগাররা। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কাছে টানা সাত ম্যাচ হেরে এসেছে জিম্বাবুয়ে। যদিও বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের বেশি। মাশরাফি তাই প্রতিপক্ষকে সমীহ করছেন এবং চ্যালেঞ্জটা একই রকম দেখছেন।
তিনি বলেন, ‘চ্যালেঞ্জটা প্রতি ম্যাচে যেটা থাকে সেটাই। সবার প্রত্যাশা, আমরা জিতব এবং জেতার আশাই করছে সবাই। সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়, অন্য দলের সাথে যেই চ্যালেঞ্জটা নিয়ে খেলেছি, গত এশিয়া কাপে যেভাবে খেলেছি, সেটাই থাকবে। আর ওদের প্রায় সব সিনিয়র প্লেয়ার ফিরে এসেছে।’
ওয়ানডেতে আজ ৩৫০তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য আরও কয়েকজন ক্রিকেটারকে তৈরি করার মিশনে সিরিজটা খেলবে টাইগাররা। ফজলে মাহমুদ রাব্বি, সাইফউদ্দিনদের স্কোয়াডে রাখা হয়েছে এই চিন্তাতেই।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে ফজলে রাব্বির। ব্যাটিংয়ের সঙ্গে তার বাঁহাতি স্পিনটাও কাজে লাগাতে চায় বাংলাদেশ।
অসুস্থতা কাটিয়ে উঠলেও রুবেল হোসেনকে প্রথম ম্যাচে মাঠে দেখা যাবে না।