সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগের জন্য সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিবি। তবে এ জন্য তাকে ওই সময় খেলার জন্য পুরোপুরি ফিট থাকতে হবে। যদি না থাকেন, তাহলে এনওসি নিয়েও খেলতে পারবেন না। অন্যদিকে, মুস্তাফিজুর রহমানের কনুইয়ের স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেন তিনি।
এ বছরের ১৯ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১১ জানুয়ারী পর্যন্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান সাংবাদিকদের জানিয়েছেন, ওই টুর্নামেন্টের আগে মেডিকেল রিপোর্ট অনুযায়ী ফিট থাকলে খেলার অনুমতি পাবেন সাকিব।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয় তাকে। সিলেটে টাইগাররা অনুশীলন করলেও বিশ্রামে ছিলেন এই পেসার। মঙ্গলবার ঢাকায় তার স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। ৩১ অক্টোবর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ।