স্প্যানিশ কোপা দেল রে তে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কালচারাল লিওনেসাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। আর মেলিইয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এদিকে, ইএফএল কাপের আলাদা ম্যাচে জিতেছে আর্সেনাল, চেলসি, টটেনহাম ও মিডলসবরো।
লিওনেসার মাঠে কাঙ্খিত গোলের দেখা পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সার। প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হতে দেননি ক্লিমেন্ট ল্যাংলেট। বার্সার ফরাসি তারকা ৯০ মিনিটে গোল করে কাতালানদের জয় এনে দেন। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সলারির অধীনে প্রথম ম্যাচেই স্বরূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ৫-১ গোলে হারের পর, লোপেতেগিকে বরখাস্ত করে সলারির হাতে সিনিয়র টিমের দায়িত্ব তুলে দেয়া হয়। কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছেন সলারি।
কোপা দেল রের প্রথম লেগের ম্যাচে তৃতীয় সারির দল মেলেইয়ার জালে চারবার বল জড়িয়েছে রিয়াল। একটি করে গোল করেন বেনজেমা, আসেনসিও, ওদরিওজোলা ও গনজালেস।