ব্যাটিং ব্যর্থতায় ৬০ রানের হার দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে করা ১০৬ রানের জবাবে ৪৬-এ গুটিয়ে যান টাইগ্রেসরা।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ইনিংস ৮ উইকেটে ১০৬ রানে আটকে দেন টাইগ্রেসরা। ক্যারিবিয়ান অধিনায়ক স্টাফানি টেলর ২৯ ও কিসিয়া নাইট ৩২ রান করেন।
বাংলাদেশের বোলিংয়ে পেসার জাহানারা আলম ২৩ রানে তিনটি ও লেগ স্পিনার রুমানা আহমেদ ১৬ রানে দুটি শিকার নেন।
জবাবে ক্যারিবিয়ান পেস আক্রমনের সামনে দাঁড়াতেই পারেনি এশিয়া কাপ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। ১৪ ওভার চার বল খেলে ৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
কেউই পারেননি দুই অংকের কোটায় রান করতে। দুই পেসার ডিন্ড্রা ডটিন ৬ রানে পাঁচটি ও শাকেরা সেলম্যান ১২ রানে দুটি উইকেট নেন।