চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা এই ম্যাচে জয় পেয়েছে ৬৪ রানে। প্রথম ইনিংসে অভিষেক হওয়া নাঈমের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। আর দ্বিতীয় ইনিংসে ব্রাথওয়েট-চেজদের ধসিয়ে দিয়েছে তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে নাঈম নেন পাঁচ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তাইজুলের পকেটে। দুই ইনিংসে তাদের ২০ উইকেটই দখল করেছে বাংলাদেশের স্পিনাররা।
৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা বাংলাদেশ শনিবার ১২৫ অলআউট হয়। এতে সফরকারীদের সামনে ২০৪ রানের জয়ের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে মাঠে নেমে আজ তৃতীয় দিনেই ১৩৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস।
এতে দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ নভেম্বর মিরপুরে শুরু হবে।