ইমার্জিং টিম এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। সংযুক্ত আরব আমিরাতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে হেরেছে ক্ষুদে টাইগাররা।
পাকিস্তানের করাচিতে টস জিতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ১০২ রান যোগ করেন রোহান মুস্তাফা ও আশফাক আহমেদ। রোহানকে ব্যক্তিগত ৪০ রানে ফেরান মোসাদ্দেক হোসেন। ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আশফাক। এরপর গোলাম শাব্বেরের ৫২ ও শাইমান আনোয়ারের ৩৪ রানে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২৬৭ রানে অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত।
জবাব দিতে নেমে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মিজানুর রহমানের ৪৩, সাইফুল ইসলামের ৩২ এবং শরিফুল ইসলামের অপরাজিদ ৩১ ছাড়া আর তেমন রান করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। ৩৬ ওভার ৫ বলে ১৭০ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।