হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের কাছে স্বাগতিকরা ৮ উইকেটে হেরেছে। ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সফরকারি পেসার কটরেল। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের লিড ১-০।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রতিযোগিতায় নামেন বাংলাদেশি ব্যাটম্যানরা। উইন্ডিজ পেসারদের শর্ট ডেলিভারি সামলাতে না পেরে অনেকটা একইভাবে ক্যাচ তুলে আউট হন তামিম, লিটন ও সৌম্য। ডাইরেক্ট হিটে রান আউট হন মুশফিক। টপ-অর্ডারের চার ব্যাটসম্যান ব্যক্তিগত ছয় রানের নিচে আউট হন। একাই লড়াই চালান সাকিব। ছক্কা মেরে ফিফটি তুলে নেন তিনি।
৪৩ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করেন তিনি। ১৯ ওভারে ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে তান্ডব শুরু করেন লুইস ও হোপ। প্রথম দুই ওভারেই ত্রিশ রান তুলে নেন তারা। ১০ ওভার ৫ বলে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩০ রান করে ফেলে উইন্ডিজ।