এ বছর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর সেরা বোলার মেহেদি হাসান মিরাজ। তিন ফরম্যাট মিলে সবচেয়ে বেশি ১,৬৫৭ রান করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক। আর সবচেয়ে বেশি ৬১ উইকেট স্পিনার মিরাজের।
পুরো বছরে মুশফিকের চেয়ে বেশি রান করতে পারেননি অন্য টাইগাররা। তিন ফরম্যাট মিলে এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন মুশফিক। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের।
২০১০ সালে ক্রিকেটের তিন সংস্করণে ১৬৪৬ রান করেছিলেন তামিম। এবার তার চেয়ে আরো ১১ রান বেশি করেছেন মুশফিক।
এ বছর টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডও নিজের করেছেন ২১৯ রানের ইনিংস খেলে। সব মিলে এ বছর ২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেছেন মুশফিক।
এদিকে, ক্যারিবীয়দের বিপক্ষে ১১৭ রানের খরচায় ১২ উইকেট নিয়ে এক টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন মিরাজ। সে সুবাদে এ বছর টাইগারদের সেরা বোলারও তিনি।