ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার -ব্যাটিংয়ে মুশফিক ও মাহমুদুল্লাহ এবং বোলিংয়ে সাকিব আল হাসান।
আইসিসির বর্ষসেরা পুরস্কারের সঙ্গে এই পুরস্কারের পার্থক্য হলো এখানে মূলত টি-টোয়েন্টির একটি নির্দিষ্ট ম্যাচে সেরা পারফরমেন্স বিবেচনা করা হয়।
গতবছর শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে লংকানদের ছুড়ে দেওয়া ২১৫ রানের কঠিন টার্গেট পেরুতে ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচ উইনিং ব্যাটিং পারফরমেন্সের জন্য মুশফিক স্থান পেয়েছেন সেরার তালিকায়। নিদাহাস ট্রফির আরেক ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ তালিকায় স্থান পেয়েছেন স্নায়ুক্ষয়ী উত্তেজনার সময়ে শেষ চার বলে ১২ রানের ম্যাচজয়ী পারফরমেন্সের জন্য।
ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টির বোলিং পারফরমেন্সের তালিকায় স্থান পেয়েছে গত বছরের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের ম্যাচ জেতানো বোলিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব ২০ রানে ৫ উইকেট নিয়ে দূর্দান্ত জয়ে সিরিজে সমতায় ফেরান বাংলাদেশকে।