প্লে-অফের আগে বিপিএলের সেরা স্থানটি দখলে রাখলো রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছেন মাশরাফিরা।সোমবার প্রথম কোয়ালিফায়ারে দুইয়ে থাকা কুমিল্লার সঙ্গেই সরাসরি ফাইনালে খেলার টিকেটের জন্য লড়বে রংপুর।
শীর্ষে থেকে নক-আউটে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় কুমিল্লা। কিন্তু ভয়াবহ বিপর্যয়ে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি ভিক্টোরিয়ান্সরা। ১৬ ওভার ৩ বলে ৭২ রানে কুমিল্লা অলআউট হয়। বিশের কোটা পেরোন কেবল জিয়াউর।
রংপুরের নাহিদুল ও মাশরাফি দুটি করে আর বোপারা তিনটি উইকেট নেন। মাত্র ৭৩ রানের টার্গেট দেয়া কুমিল্লার হার অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংস শেষেই। শীর্ষে থেকে ম্যাচ শুরু করা দলটি রংপুর ওপেনার মেহেদি মারুফের উইকেট নিয়ে খানিকটা লড়াইয়ের আভাস দেয়।
তবে গেইল-ভিলিয়ার্সের হার না মানা ৬৭ রানের জুটিতে সহজ জয় পায় রংপুর। গেইল ৩৫ আর ভিলিয়ার্স ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১২ ম্যাচে সমান ১৬ পয়েন্ট হলেও নেট-রানরেটে এগিয়ে থাকায় এক নম্বরে রংপুর। কুমিল্লা দুইয়ে। ১৪ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং ভাইকিংস।