ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না মোহাম্মদ মিঠুন। সংশয় দেখা দিয়েছে মুশফিকুর রহিমের খেলা নিয়েও। তৃতীয় ওয়ানডের একাদশে সুযোগ পেতে পারেন মমিনুল হক।
গেলো শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। ফিজিও জানিয়েছেন, মিঠুনের চোট বেশ গুরুতর। সাত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
এদিকে, দ্বিতীয় ওয়ানডের সময় পাঁজরে ব্যাথা পান মুশফিক। ডানেডিনে সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে, অনুশীলন করেননি মিঠুন ও মুশফিক। মঙ্গলবার স্ক্যান করার পর জানা যাবে মুশফিকের চোট কতটা গুরুতর।
মুশফিক খেলতে না পারলে তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন মমিনুল হক। বুধবার বাংলাদেশ সময় ভোর চারটায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরইমধ্যে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।