বাংলাদেশের টেস্ট সিরিজের বোলিং প্রস্তুতিতে বাধ সাধলো বৃষ্টি।
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ দিনে খেলা হয়েছে মাত্র ১২ ওভার। স্বাভাবিকভাবেই ম্যাচ হয়েছে ড্র। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন টেস্টের প্রথমটি।
লিঙ্কনে দ্বিতীয় দিনের খেলায় নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বোলারদের শুরুটা ভালোই হয়েছিল। দিনের চতুর্থ বলেই জ্যাকব ভুলাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। কোনো রান না করে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন কিউই ওপেনার।
এরপর ৩২ বলে ৪৩ রান করা ফ্লেচারকে বোল্ড করেন ইবাদত। ১২ ওভারে নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ যখন ২ উইকেটে ৫৭ রান, তখন বৃষ্টির বাধায় লাঞ্চের আগে খেলা বন্ধ হয়ে যায়।
এরপর বৃষ্টি না থামলে ড্র হয় ম্যাচ।
এর আগে প্রথম দিন, বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালোমতোই প্রস্তুতি সারেন। চার ফিফটির সুবাদে সাদমান-লিটন, মাহমুদুল্লাহ-মিরাজরা ৬ উইকেটে ৪১১ রান সংগ্রহ করেন।