বাংলাদেশের বিপক্ষে ২১৭ রানে এগিয়ে থেকে হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করলো নিউজিল্যান্ড। মাহমুদুল্লাহ বাহিনীর ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ৪৫১ রান সংগ্রহ করেছে।
বিনা উইকেটে ৮৬ রান নিয়ে সেডন পার্কে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। প্রথম সেশনে কোনো ব্রেক থ্রু পায়নি বাংলাদেশ। লাঞ্চের আগেই শতক পূরণ করেন রাভাল। বিনা উইকেটে ১৯৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন ল্যাথামও।
কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে নেয় কিউইরা। রাভাল-ল্যাথামের ২৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহমুদুল্লাহ। ১৩২ রান করে বিদায় নেন রাভাল। চা বিরতির আগেই ১ উইকেটে ৩২৬ রান করে ফেলে স্বাগতিকরা।
১৬১ রান করে তৃতীয় সেশনে সৌম্যের বলে মিঠুনকে ক্যাচ দিয়ে ফেরেন ল্যাথাম। এরপর টেইলরও সৌম্যের শিকার হন। ফিফটি করে মিরাজের ঘূর্ণিতে বিদায় নেন নিকোলস।
উইলিয়ামসন ৯৩ আর ওয়্যাগনার ১ রান করে অপরাজিত আছেন।