রিয়াল মাদ্রিদের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ৩-৩ এ সমতা আসলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগ ২-০ গোলে হেরেছিল ইউনাইটেড। এর আগে কোনো দলই এই ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের লেগে ঘুরে দাঁড়াতে পারেনি।
কিন্তু ইতিহাস ও পরিসংখ্যান পক্ষে না থাকলেও, রেড ডেভিলরা খেলায় তার ছাপ পরতে দেয়নি।
ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই রোমেলু লুকাকুর নৈপূণ্যে প্রথম গোল পায় ম্যানইউ।
পিএসজির বার্নাত গোল শোধ করে স্বাগতিকদের বিপদমুক্ত করেন। কিন্তু ফ্রান্সের শীর্ষ ধনী ক্লাবটির স্বস্তি বেশিক্ষণ টেকেনি।
বিরতির আগেই বেলজিয়ান লুকাকু আরো একটি গোল করেন। আর খেলার শেষপ্রান্তে পেনাল্টি পেয়ে মাকার্স র্যা শফোর্ড ম্যানইউকে ৩-১ গোলের জয় এনে দেন।
দুই লেগ মিলে ৩-৩ এর সমতা থাকায়, অ্যাওয়ে গোলে এগিয়ে থাকা ইউনাইটেড শেষ আটে পাড়ি জমায়।